নিষিদ্ধ সময়ে সাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং ট্রলারে মাঝির মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ১ জুন, ২০২৬ at ৯:২৮ পূর্বাহ্ণ

নিষিদ্ধ সময়ে সাগরে মাছ ধরতে গিয়ে মহেশখালীর এক ফিশিং ট্রলারের মাঝির মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত ৩টায় কক্সবাজার সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। নিহত রশিদ মিয়া (৫৩) উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়াপাড়া গ্রামের মৃত লাল মোহাম্মদের পুত্র।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ মিয়া মাঝি ১২ দিন আগে ১৬ জন জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে যান। নিষেধাজ্ঞা অমান্য করায় নৌবাহিনীর একটি টহল জাহাজ তাদের আটক করে। এ সময় আইনি ব্যবস্থার ভয়ে আতঙ্কিত হয়ে মাঝি রশিদ মিয়া সাগরে ঝাঁপ দেন। অভিযান পরিচালনাকারী নৌবাহিনীর টিম মৎস্য শিকারের জাল জব্দ করে ট্রলারটি ছেড়ে দিলে ট্রলারে থাকা অন্য জেলেরা পানি থেকে রশিদ মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পর কিছুক্ষণের মধ্যেই ট্রলারে তার মৃত্যু হয় বলে জানা যায়। গতকাল রোববার সকালে ট্রলারের জেলেরা ঘাটে চলে আসলে মৃত্যুর বিষয়টি জানা যায়। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, নিহত রশিদ মিয়ার স্ত্রী পারভীন আকতার এবং পরিবারের অন্য সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিআরবি রক্ষা মঞ্চের কার্যকরী কমিটির সভা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় পাগলা কুকুরের আক্রমণে শিশুসহ আহত ৭