রাজধানীর মিরপুরে শাহ আলী বোগদাদীর মাজারে ওরশ চলাকালে হামলার ঘটনায় ৯ জনের নাম দিয়ে এবং জামায়াতে ইসলামীর অজ্ঞাত ১০০–১৫০ সদস্যকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শাহআলী থানায় রেশমি বেগম নামে মাজারের এক ভক্ত এ মামলা করেছেন। খবর বিডিনিউজের। এদিকে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন থানার ওসি জাহাঙ্গীর আলম। গ্রেপ্তাররা হলেন– আরমান, রাসেল ও আজম। ওসি বলেন, হামলায় আহত রেশমি বেগম নামে একজন একটি মামলা করেছেন। এর প্রেক্ষিতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অভিযান চলছে। হামলার ভিডিও ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তারের তথ্য দিলেও তারা এজাহারভুক্ত আসামি কিনা তা নিশ্চিত করেননি তিনি। তবে যে ৯ জনের নাম রয়েছে তাদের মধ্যে রাসেল ও আজম নামে দুজন রয়েছে। একই সঙ্গে তারা কোনো দলের সদস্য কিনা সেটাও বলতে পারেননি ওসি। বৃহস্পতিবার রাতে মিরপুরের শাহ আলী মাজারে হামলা হয়। ওরশ চলাকালে হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে মারধর শুরু করে বলে অভিযোগ স্থানীয়দের। হামলার শিকার জিয়ারতকারী কয়েকজন বলছেন, হামলাকারীরা জামায়াত শিবিরের লোক। তবে জামায়াতে ইসলামী সেই অভিযোগ অস্বীকার করেছে।











