কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের।
তিনি বলেন, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার লেদা লামারপাড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র্যাব। অভিযানে সন্দেহজনক একটি বাড়িতে তল্লাশি করে একটি বুলেটপ্রুফ জ্যাকেট, দুটি বুলেটপ্রুফ হেলমেট, এক রাউন্ড তাজা গোলা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।













