রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দলের এক কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
গতকাল সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি দুপুর ১২টায় শেষ হয়। এদিন সকাল থেকে সাজেক সড়কের বিভিন্ন জায়গায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের সদস্যদের পিকেটিং করতে দেখা যায়। অবরোধের কারণে সাজেক–দীঘিনালা সড়ক ও মারিশ্যা–দীঘিনালা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এ সময় সাজেকের পর্যটকবাহী গাড়ি চলাচলও বন্ধ থাকে। দুপুর ১২টার পরে অবরোধ শেষ হলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। সাজেক রিসোর্ট–কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, অবরোধের কারণে সকালে কোনো পর্যটকবাহী গাড়ি চলাচল করেনি। দুপুর ১২টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। সাজেকে পর্যটকরা আসা–যাওয়া করতে পারবেন। ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, অবরোধ সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। অবরোধ শান্তিপূর্ণভাবে হয়েছে। যানবাহন সমিতি ও সকল সর্বসাধারণকে অবরোধ সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সঙ্গে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানান তিনি। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সড়ক অবরোধ কর্মসূচিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হত্যার ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
এর আগে, গত শনিবার জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমা তরণকে (৪৯) গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে সাজেক পর্যটনকেন্দ্রের প্রধান সড়কে আধাবেলা অবরোধের ডাক দেয় ইউপিডিএফ।














