চট্টগ্রামের রহমতগঞ্জে এক স্কুলশিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ মে) দুপুরে কোতোয়ালী থানাধীন দেওয়ানজি পুকুর পাড় এলাকার একটি সেমিপাকা ঘর থেকে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিক্ষিকার নাম পলিয়া চৌধুরী (৪৭)। তিনি পটিয়া প্রিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি অবিবাহিত এবং ওই বাসায় একাই থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ মে) থেকে পলিয়া চৌধুরীর সঙ্গে তার স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাচ্ছিলেন না। রোববার দুপুরে তার দুই বোন বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।
খবর পেয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বিছানায় পলিয়া চৌধুরীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি ততক্ষণে অনেকটা পচে বিকৃত হয়ে গিয়েছিল।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় নারী কনস্টেবলসহ পুলিশের বিশেষ টিম উপস্থিত ছিল।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। মরদেহটি কিছুটা পচে যাওয়ায় ধারণা করা হচ্ছে অন্তত দু-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বর্তমানে এই ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।












