হালিশহরস্থ সরকারি শারীরিক শিক্ষার কলেজে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষকদের অংশগ্রহণে ‘৩৫তম রিফ্রেশার্স কোর্স–২০২৬’ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাত দিনব্যাপী এ আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের মোট ১০০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কোর্স পরিচালক এস এম গিয়াস উদ্দীন বাবর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা) ড. এ. এইচ. এম. ফজলে রাব্বী।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রামের প্রভাষক সাইফুল্লাহ মুনির। গতকাল ৮মে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১৪ মে পর্যন্ত চলবে। এতে অংশগ্রহণকারী শিক্ষকরা আধুনিক শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।












