চট্টগ্রাম মহানগর ও জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ৩ কোটি ১২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর নতুনপাড়ায় বিআরটিএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৭২টি ক্ষতিগ্রস্ত পরিবারকে এ সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪টি পরিবারের মধ্যে ২ কোটি ৭০ লাখ টাকা এবং আহত ১৮টি পরিবারের মধ্যে ৪২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। সর্বমোট ৭২টি চেকের মাধ্যমে ৩ কোটি ১২ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ, বিআরটিএ চট্ট মেট্রো–১ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ–পরিচালক (ইঞ্জিনিয়ারিং) কে এম মাহাবুব কবির, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। অনেক পরিবার হঠাৎ করে উপার্জনক্ষম সদস্য হারিয়ে আর্থিক ও মানসিক সংকটে পড়ে। এ ধরনের সহায়তা তাদের তাৎক্ষণিক সংকট মোকাবেলায় সহায়ক হবে এবং নতুন করে জীবন গড়ে তোলার প্রেরণা যোগাবে। বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।













