কক্সবাজারের পেকুয়ায় তানজিম তাসনোভা তাপ্পি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তানজিম মগনামা মাঝিরপাড়া শাহ রশিদিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিল। সে ওই এলাকার মৃত আবু ছৈয়দের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়িতে তানজিম একাই ছিল। তার মা অন্য এক মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সামনে গণিত পরীক্ষা থাকায় বাড়িতে বসেই প্রস্তুতি নিচ্ছিল তানজিম। বিকেলে প্রতিবেশীরা তাকে ডাকতে গিয়ে ঘরের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঘটনার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইমরুল হাসান আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














