দক্ষিণ কোরিয়ার উসুক ইউনিভার্সিটির সাথে আইআইইউসি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত

| মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

আইআইইউসির সাথে দক্ষিণ কোরিয়ার উসুক ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমপ্রতি ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্দেশ্যে উসুক ইউনিভার্সিটির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উসুক ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক ডিন ড. হিউনসিল শিন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন গ্লোবাল রিলেশনস অফিসার ওনবিন নোহ এবং জিয়া হং দা। অন্যদিকে আইআইইউসির পক্ষে বৈঠকে অংশগ্রহণ করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক ও ছাত্রকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে দুই ডিন আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এর আওতায় শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম, একাডেমিক ক্রেডিট ট্রান্সফারসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা হবে।এছাড়া উসুক ইউনিভার্সিটির পক্ষ থেকে আইআইইউসির শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ সৃষ্টি হবে, যা আন্তর্জাতিক উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে আইআইইউসি ক্যাম্পাসে একটি কোরিয়ান ভাষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা কোরিয়ান ভাষা শেখার সুযোগ পাবে এবং উসুক ইউনিভার্সিটি থেকে দক্ষ প্রশিক্ষক প্রদান করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সমঝোতা স্মারক দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে পাহাড় কাটা ও চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রীদের মিলনমেলা