শুদ্ধতার চর্চায় নিজেকে তাড়িত করো,অতীত হয়ে যাক সকল হতাশা গ্লানি, শুভ নববর্ষের আগমনে আনন্দ দোলায় দুলে উল্লাসে মাতো এবার সবে। মরা গাঙ্গে উর্মির নাচন তোল, ভুলে যাও হিংসা, ক্রোধ, দৈনতা, ভালোবাসার লণ্ঠন হাতে বুকে টেনে নাও নিপীড়িত বঞ্চিত জনকে, নতুন দিনের ঝলমলে সোনালী আলোয় রাঙ্গিয়ে তোল নিজেকে, সহস্র কণ্ঠে ধ্বনিত হোক, শুভ নববর্ষ, সুপ্রভাত সুপ্রভাত। আমি বাংলার, বাংলা আমার পুণ্য আবাস, এখানে সুরের ব্যঞ্জনায় ভাটিয়ালি, মুর্শীদি গানের ঝংকারে মুখরিত হোক বাংলার জনপদ, মাঠ– ঘাট, সবুজ প্রান্তর। ঈর্ষাহীন, শ্রেণিহীন সমাজের কামনায়, বৈষম্যর শিকড় উপড়ে ফেলে, ন্যায়ের শাসনের পতাকা উড়বে বাংলার গগনে, সুখের গঙ্গা বয়ে যাক জীর্ণ কুটির থেকে রাজপ্রাসাদে, নববর্ষের আগমনে। ব্যথার ধুপছায়া মিলিয়ে যাক সুদূর নিলীমায়,কাঙ্ক্ষিত সোনার বাংলা হোক আলোকিত এক স্বদেশ, শুভ নববর্ষ, স্বাগতম, স্বাগতম।






