নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বে চমক দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী ভারতকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে তারা। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে আমিরাত। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। ওপেনার হুমাইরা কাজী ৩ রান করে ফিরলে তেজা হাসাবনিস করেন মাত্র ১ রান। অন্য ওপেনার দিনেশ ভ্রিন্দা যোগ করেন ১৬ রান। টপ অর্ডারের ব্যর্থতার পরও মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েন আনুস্কা শর্মা। দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি সর্বোচ্চ ৪৭ রান করেন। শেষদিকে তানুজা কানওয়ারের ৩৪ রানের ইনিংসে ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৩০ রান। আমিরাতের বোলারদের মধ্যে সামাইরা ছিলেন সবচেয়ে সফল, তিনি একাই নেন তিনটি উইকেট। ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী শুরু করে আমিরাত। উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। থেরথা সাতিস ১০ রান করে বিদায় নিলেও দলনেতা এসা ওঝা হাল ছাড়েননি। তিন নম্বরে নামা সামাইরাকে সঙ্গে নিয়ে তিনি গড়েন ৭১ রানের গুরুত্বপূর্ণ জুটি যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওঝা ফিফটি পূর্ণ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭২ রানে। হেনা হটচান্দানি ১ বলে ৪ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ভারতের হয়ে একটি করে উইকেট শিকার করেন রাধা যাদব, প্রেমা রাওয়াত ও তানুজা কানওয়ার। এই জয়ে গ্রুপ পর্বে শক্ত অবস্থান তৈরি করল সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে, প্রথম ম্যাচেই হোঁচট খেল ভারত।










