মা ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পাইলট প্রকল্পের আওতায় নগরে পাঁচটি স্পটে ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। স্পটগুলো হচ্ছে– নতুন ব্রিজ, পতেঙ্গা, কদমতলী কারখানা এলাকা, আগ্রাবাদ এবং রেলওয়ে স্টেশন। পুরো প্রকল্পে ব্যয় হবে ১ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে গতকাল মঙ্গলবার নতুন ব্রিজ পুলিশ বক্স এলাকায় ব্রেস্ট ফিডিং সেন্টার প্রকল্পের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ সময় তিনি বলেন, একজন কর্মজীবী বা বাইরে অবস্থানরত মায়ের জন্য শিশুকে বুকের দুধ খাওয়ানো একটি বড় চ্যালেঞ্জ। সেই বাস্তবতা বিবেচনায় নগরের গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মায়েরা স্বাচ্ছন্দ্যে এবং মর্যাদার সঙ্গে তাদের শিশুদের প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করতে পারবেন।
তিনি বলেন, শিশুর সুস্বাস্থ্য ও মায়ের মর্যাদা রক্ষায় ব্রেস্ট ফিডিং সেন্টার একটি যুগোপযোগী উদ্যোগ। এটি শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং মানবিক নগর গঠনের গুরুত্বপূর্ণ অংশ। পাইলট প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে চট্টগ্রামের আরও গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের কেন্দ্র স্থাপন করা হবে।
মেয়র নগরের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ টেনে বলেন, চট্টগ্রামকে একটি স্বাস্থ্যবান্ধব, মানবিক ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে আমরা জলাবদ্ধতা নিরসন, খাল পুনরুদ্ধার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, স্কুল হেলথ প্রোগ্রাম, খেলাধুলার মাঠ আধুনিকায়ন এবং নাগরিক স্বাস্থ্যসেবা সমপ্রসারণসহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছি। চসিক সূত্রে জানা গেছে, ডাকবাক্স ফাউন্ডেশনের চেয়ারম্যান অভিনেতা জিয়াউল হক পলাশের নেতৃত্বে বাস্তবায়নাধীন এই পাইলট প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬ লাখ টাকা, যা যৌথভাবে অর্থায়ন করছে ডাকবাক্স ফাউন্ডেশন ও চসিক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকবাক্স ফাউন্ডেশন ব্রেস্ট ফিডিং সেন্টার প্রকল্পের প্রধান সমন্বয়কারী সাফরাশ নুরী সিজ্জি, আব্দুল করিম ভুট্টো, সালাহউদ্দিন শাহেদ, এন. মোহাম্মদ রিমন, শেখ মেহেদী ও নোমান সিকদার সোহাগ।









