৫ সেপ্টেম্বরের লংমার্চ সফলে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে হবে

মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশে নজরুল ইসলাম

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও ডা. ছিদ্দিকুর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ, বন্দর থানা আমির মাহমুদুল আলম, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, . আ ম ম মসরুর হোসাইন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির হিদায়াতের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে প্রেরণ করেছেন। মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত মাহে রবিউল আউয়াল মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ঈমানের অপরিহার্য অঙ্গ। তবে এ ভালোবাসা শুধু আবেগ ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূল (সা.) এর আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে।

সভায় আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় ব্যাপক জনসম্পৃক্ততা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাল ফেলতে সাগরে নেমে জেলে নিখোঁজ
পরবর্তী নিবন্ধবিদেশি প্রকৌশলীদের ওপর নির্ভরতা কমানো জরুরি