হাটহাজারীতে ঝাপটাবাজ সন্দেহে তারেকুল ইসলাম(৩৫) নামে এক যুবক আজ বুধবার(১৫ ডিসেম্বর) বিকালে গণপিটুনির শিকার হওয়ার খবর পাওয়া গেছে।
হাটহাজারী পৌরসভার কাঁচাবাজারে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আহত যুবককে উপস্থিত লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি পৌরসভার পশ্চিম দেওয়াননগর গ্রামের আবদুল মান্নান এর পুত্র বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার বিকালের দিকে পৌরসভার কাঁচাবাজার এলাকায় তারেকুল নামে এক যুবককে ঝাপটাবাজ অপবাদ দিয়ে একদল লোক গণপিটুনি দিতে থাকে। উপস্থিত লোকজন তাকে গনপিটুনীর কবল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার আঘাত গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজিব শর্মার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি ঘটনার বিষয় অবহিত নন বলে গণমাধ্যমকে জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম ইমতিয়াজ হোসাইন জানান, পৌনে পাঁচটার দিকে গণপিটুনির শিকার এক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হলে তার আঘাত গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতের কোনো নিকটাত্মীয় না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে বলে উল্লেখ করেন তিনি।













