সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ৫ উইকেটে ক্রিসেন্ট ক্লাবকে পরাজিত করে। টসে জিতে মোহরা প্রথমে ব্যাট করতে পাঠায় ক্রিসেন্ট ক্লাবকে। ক্রিসেন্ট ক্লাব ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। শুরু থেকেই ক্রিসেন্ট ক্লাবের টপ অর্ডার ব্যাটাররা উইকেট খোঁয়াতে থাকেন। উদ্বোধনী ব্যাটার টুর্নামেন্টের সেঞ্চুরিয়ান নীলাচল ৫ বলে মাত্র ৫ রান করেই নাহিয়ানের বলে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন। মোহরা এশিয়ানের বোলাররাও সাফল্য অব্যাহত রাখে। ফলে খুব দ্রুত ৫ উইকেট হারিয়ে ফেলে ক্রিসেন্ট ক্লাব মাত্র ৩০ রানে। এর মধ্যে ওপেনার শ্রীকান্ত ২০ বলে ১০ রান করেন। এক পর্যায়ে দলীয় ৪৯ রানে ৭ম উইকেটের পতন ঘটে ক্রিসেন্ট ক্লাবের। এরপর আবদুল্লাহ শাহরিয়ার কিছুটা ঘুরে দাঁড়িয়ে ৮ বলে ১১ রান করলেও আগেকার কেউ দুই অংকের ঘরে পা রাখতে পারেননি। ৮ম উইকেট জুটিতে হাবিবুল ইসলাম খেলতে নেমে খেলার চেহারা কিছুটা পরিবর্তন করে দেন। তিনি ২৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ২টি চার এবং ২টি ছক্কার মার। এতে করে তাদের রান সংখ্যাও শতের কাছাকাছি যায়। দলের শাহাদাত হোসেন করেন ১০ রান। অতিরিক্ত থেকে আসে ৪ রান। মোহরা এশিয়ানের পক্ষে বল হাতে আদিল কবির ২ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন।
অপর দুই বোলার ইমরান হোসেন এবং তন্ময় তপু প্রত্যেকেই ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ২টি করে উইকেট পান। ১টি করে উইকেট পান আবদুল্লাহ আল নাহিয়ান এবং সিরাজুল মোস্তফা।
৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহরা এশিয়ানের দুই ওপেনার সাবলীলভাবে খেলতে থাকেন। ওপেনার মোবারক হোসেন ১৫ বলে ১৯ রান করে রাহাদুলের বলে বোল্ড হয়ে যান। দলীয় ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারায় মোহরা। এ সময় অধিনায়ক জুলহাসর সাগর ৮ বলে ৮ রান করে আউট হয়ে যান। ৬৫ রানে যায় তাদের তৃতীয় উইকেট। অপর ওপেনার মোহাম্মদ আফনান ৩০ বলে ২১ রান করে আশরাফুলের বলে বোল্ড হন। কিন্তু এরপরই দ্রুত ২টি উইকেট হারায় তারা। দলীয় ৬৫ রানে মোহরার ৫ম উইকেটের পতন হলে খেলায় কিছুটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। আজাদ হোসেন ১১ রান করে জুনাইদের বলে আউট হন। আবদুল কাইউম কোন রানই করতে পারেনননি। কিন্তু এরপরই কিপার এস এম সুহু ইবনে এবং সিরাজুল মোস্তফা দাঁড়িয়ে যান। তারা ধীরে ধীরে দলকে জয়ে পৌঁছে দেন। সুহু ১১ বলে ১১ রানে এবং সিরাজুল মোস্তফা ১৮ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৮ রান। ১৭.২ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে নেয় মোহরা।
ক্রিসেন্ট ক্লাবের পক্ষে ২টি উইকেট পান জুনাইদ বিন জসিম। ১টি করে উইকেট নেন হাবিবুল ইসলাম,রাহাদুল আমিন এবং আশরাফুল। অলরাউন্ড নৈপুন্যে প্লেয়ার অব দি ম্যাচ হন বিজয়ী দলের সিরাজুল মোস্তফা। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডা. শাহাদাত হোসেন। সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সহ সভাপতি আমিনুল ইসলাম, মোহাং শাহাজাহান ও লোকমান হাকিম মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, সদস্য প্রবীর কুমার ঘোষ, ফজলে রাব্বি সাজ্জাদ, শওকত হোছাইন, আলী আহসান রাজু, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, আরিফ আহমেদ, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, গোলাম মহিউদ্দিন হাসান, নাসির মিয়া, আকতার হোসেন, রায়হান উদ্দীন রুবেল, জাহেদ হোসেন, আবু জাহেদ, আসাদুজ্জামান খান, সোহেল আহমেদ, সাবেক জাতীয় ক্রিকেটার এস এম শহিদ, ফজলে রাব্বি খান রুবেল, বিসিবি কিউরেটর জাহেদ রেজা বাবু প্রমুখ।
উল্লেখ্য গত ২ মার্চ ২২টি দল নিয়ে শুরু হয়েছিল সিসিএস ট্যালেন্ট কাপ টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট।













