আজাদীতে সংবাদের জেরে তৎপর পুলিশ: ভূজপুরে বালুভর্তি দুটি ড্রাম ট্রাক জব্দ

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১৫ এপ্রিল, ২০২৬ at ৬:১২ অপরাহ্ণ

ফটিকছড়ির ভূজপুরে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের মহোৎসব নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। সংবাদ প্রকাশের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে বালুভর্তি দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে ভূজপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভূজপুর সন্ধীপনগর এলাকার সিংহরিয়া ও নগরবাজারে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে বালু পরিবহনকালে ট্রাক দুটিকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নিয়মনীতির তোয়াক্কা না করে ফসলি জমির মাটি ও নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, তেমনি ভারী ট্রাক চলাচলের কারণে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট। এই ‘বালু উত্তোলনের মহোৎসব’ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জনমনে স্বস্তি ফেরে এবং প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

ভূজপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন- আজাদীতে সংবাদ প্রকাশের পর পর আমরা অভিযান পরিচালনা করেছি। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ট্রাক দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা আশা করছেন, নিয়মিত তদারকির মাধ্যমে এই অবৈধ বালু ও মাটি সিন্ডিকেট স্থায়ীভাবে বন্ধ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআজাদীতে সংবাদের জেরে তৎপর পুলিশ: ভূজপুরে বালুভর্তি দুটি ড্রাম ট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু