মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১৫ এপ্রিল, ২০২৬ at ১০:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ হোসেন হৃদয় (২৮) নামে ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত থ্রেশার মেশিনচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের তেলেঙ্গা দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় একই এলাকার প্রয়াত নুরুল আবছারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে দিঘী থেকে পানি তোলার জন্য একটি বৈদ্যুতিক মোটর বসাতে যান হৃদয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি দিঘীর পানিতে পড়ে যান। পরে তাঁর মা ও আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা রণি নাথ বলেন, “হৃদয় মোটর বসাতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে তাকে উদ্ধার করি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে অসতর্কতার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআজাদীতে সংবাদের জেরে তৎপর পুলিশ: ভূজপুরে বালুভর্তি দুটি ড্রাম ট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধবাঁশখালী হাসপাতালে চিকিৎসা নিতে হাজির অসুস্থ কাক!