চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নব নিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের সাথে মতবিনিময় করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির নেতৃবৃন্দ। গতকাল সোমবার সিডিএ’র কনফারেন্স হলে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসান চট্টগ্রাম শহরকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলতে সিডিএ’র আন্তরিক সহযোগিতা কামনা করেন। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শহরে দৃষ্টিনন্দন সুউচ্চ ভবন নির্মাণ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি উন্নত বিশ্বের মত সর্বোচ্চ ১৫–৩০ দিনের মধ্যে রিহ্যাব সদস্যদের প্রকল্পসমূহের ছাড়পত্র প্রদান ও নকশা অনুমোদনের জন্য চেয়ারম্যানের কাছে অনুরোধ করেন। তিনি চট্টগ্রামে রিহ্যাব সদস্য বহির্ভূত অবৈধ এবং পরিবেশ দূষণকারী ডেভেলপার প্রতিষ্ঠান এবং ব্যক্তি শেয়ার বিল্ডিং তৈরি করে নিয়ম বহির্ভূতভাবে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনাকারীদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আবেদন জানান। তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠান ও ব্যক্তির কারণে সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। সভায় রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো– চেয়ারম্যান– সারিস্ত্ বিনতে নুর সিডিএ চেয়ারম্যানের কাছে রিহ্যাব সদস্যদের জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস প্রচলন, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সকল ডেভেলপারকে রিহ্যাবের সদস্যপদ বাধ্যতামূলকভাবে গ্রহণ করার বিষয়টি উপস্থাপন করেন এবং কোন ডেভেলপার প্রতিষ্ঠানের প্রকল্প অনুমোদনের আগে রিহ্যাব সদস্য কিনা সে বিষয়ে যাচাই বাছাই করার জন্য চেয়ারম্যান বরাবরে অনুরোধ করেন।
রিহ্যাব পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী রিহ্যাব সদস্যদের সিডিএতে নিবন্ধন, কম সময়ের মধ্যে প্রকল্প অনুমোদন এবং সিডিএ’র কমিটিতে রিহ্যাব প্রতিনিধি অন্তর্ভুক্তকরণ বিষয়গুলো সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের কাছে উপস্থাপন করেন।
সিডিএ’র চেয়ারম্যান বলেন,এই শহরকে সবুজ ও নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এই দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, আমি সিডিএ’র সেবক হয়ে সকলকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের উন্নয়নে কাজ করতে চাই, আপনারা সকলে আমাকে সহায়তা করবেন। তিনি নিয়ম মেনে ভবন নির্মাণের ক্ষেত্রে সিডিএ’র পক্ষ থেকে রিহ্যাব সদস্যদের প্রকল্প অনুমোদন থেকে শুরু করে সব ধরনের সহায়তা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন। সভায় রিহ্যাব সদস্যদের প্রকল্প সংশ্লিষ্ট বিষয়গুলো মনিটরিং করার জন্য সিডিএ এবং রিহ্যাব সদস্যদের নিয়ে একটি যৌথ মনিটরিং সেল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খুব শীঘ্রই রিহ্যাবের উদ্যোগে এবং সিডিএ’র সহযোগিতায় দপ্তরের কারিগরি দক্ষতা সম্পন্ন কর্মকর্তাদের অংশগ্রহণে একটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় রিহ্যাব, সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, ওয়াসা, পিডিবি, কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন, ফায়ার সার্ভিস ও ডিফেন্সসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিয়ে একটি সমন্বয় সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য প্রকৌশলী হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ। সিডিএ’র পক্ষে সচিব মোহাম্মদ মাহবুব উল করিম, প্রকৌশলী মো. জামিলুর রহমান, প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, অথরাইজড অফিসার কাজী কাদের নেওয়াজ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










