জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষার্থীদের গবেষণায় আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান

আইআইইউসিতে সেমিনার

| মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

আইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ সেমিনার ’ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্ম উপস্থাপন করেন। প্রধান অতিথি ছিলেন ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।

বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসনাত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, আর্টস ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ কাওসার আহমেদ এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. নজমুল হুদা। প্রধান অতিথি বলেন, গবেষণা উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব গড়ে তোলা এবং গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষার্থীদের গবেষণায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সেমিনারে ৮ জন স্নাতক শিক্ষার্থী তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। গবেষণাপত্রগুলো নিয়ে অতিথিরা মতামত দেন এবং গবেষণায় আরও মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বক্তারা বলেন, উচ্চশিক্ষায় গবেষণার চর্চা শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্নাতক পর্যায় থেকেই গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি হলে ভবিষ্যতে নতুন জ্ঞান সৃষ্টিতে এবং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সমস্যার সমাধানে শিক্ষার্থীরা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী পরিবেশ সৃষ্টি এবং একাডেমিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ চেয়ারম্যানের সাথে রিহ্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কিডনি হাসপাতালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ১৯ লক্ষ টাকার অনুদান