সাগরে জলদস্যুর হামলা, ট্রলার মালিকসহ আহত ৫

ইলিশ, জাল ও মালামাল লুটের অভিযোগ

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:১৮ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মাছ ধরার সময় ‘মৌ. আশরাফ আলী’ নামের একটি ফিশিং ট্রলারে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় সশস্ত্র জলদস্যুদের হামলায় ট্রলার মালিকসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। গত সোমবার রাত আটটার দিকে বঙ্গোপসাগরে কক্সবাজার সৈকতের তিন নটিক্যাল মাইল পশ্চিমে কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সাগরে সাধারণ জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার বাসিন্দা ও ট্রলার মালিক মো. সেলিম (৪২), মো. বোরহান (২৫), মো. আতিক (২৪), মো. রাসেল (২৭) ও মো. ইকবাল (৩০)। ঘটনার শিকার মাঝি–মাল্লারা উপকূলে ফিরে আসার পর বিষয়টি জানাজানি হয়।

ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক মো. সেলিম বলেন, গত এক সপ্তাহ আগে ১০ জন মাঝি–মাল্লা নিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের পশ্চিমে গভীর সমুদ্রে মাছ ধরতে যাই। দুই দিন মাছ ধরার পর গত সোমবার রাত আটটার দিকে দুটি ট্রলারে করে ১৬ জন জলদস্যু অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে মারধর করে। তারা ট্রলারে থাকা আট লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইলিশ মাছ, দুই লাখ টাকা মূল্যের ইলিশের জাল ও এক লাখ টাকার মালামালসহ মোট ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তিনি বলেন, ঘটনার পর বিষয়টি নৌ পুলিশকে অবহিত করেছি।

পূর্ব গহিরা মৎস্যজীবী (বুট) মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস ঘটনায় জড়িত জলদস্যুদের গ্রেপ্তার ও সাগরে মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গহিরা বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাগরে একটি ট্রলারে ডাকাতির খবর পেয়েছি। তবে এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ হয়নি।

পূর্ববর্তী নিবন্ধখুঁটিতে বেঁধে তরুণীকে মারধর, দুই বোন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএ কে খানে কাভার্ড ভ্যানের ধাক্কায় দেয়াল চাপা পড়ে পথচারী নিহত