পটিয়ায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানের গেটে তালা দিল কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৩:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় রাতের অন্ধকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সোমবার দিবাগত রাতে এ তালা লাগায় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। গত রোববার সংগঠনটির পক্ষ থেকে দলীয়ভাবে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছিল।

জানা গেছে, পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ছালেহ নুর ডিগ্রি কলেজ ও জিরি খলিল মীর ডিগ্রি কলেজের প্রধান ফটকে তালা ঝোলানোর পাশাপাশি পোস্টার সেঁটে দেওয়া হয়েছে। এতে লেখা রয়েছে, ‘বাংলাদেশের মানুষের মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের ধর্মঘট। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, দেশ সংস্কারের কাজ চলছে।

আজ মঙ্গলবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে ফটকে তালা ঝুলতে দেখে কর্তৃপক্ষকে খবর দেয়। তবে রাতেই আবার সে তালা খুলে নেওয়া হয়েছে বলে খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে।

পটিয়া খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এনাম উল্লাহ বলেন, সোমবার দিবাগত রাতে কে বা কারা স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। যারা তালা দিয়েছে তারাই রাত সাড়ে তিনটার দিকে খুলে নিয়েছে। বর্তমান স্কুলের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে তালা লাগানোর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ ও পাঠদান স্বাভাবিক রাখা হয়েছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানও বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। তিনি জানান, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তালা লাগানোর বিষয়টি জানানো হয়নি। বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে সড়কে টায়ার জ্বালিয়ে ঝটিকা মিছিল করল ছাত্রলীগ