সরকার কথায় নয় কাজে বিশ্বাসী

হাটহাজারীতে চারা ও প্রনোদনা বিতরণে প্রতিমন্ত্রী মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৪ জুন, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ভূমি ও পার্বত্য প্রতি মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলছেন, প্রধান মন্ত্রী তারেক রহমান শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেশের মানুষকে দেখিয়ে দিচ্ছে। সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। তিনি বলেন,সারা দেশে প্রত্যেক উপজেলায় ২৮ হাজার চারা প্রদান করলে ও হাটহাজারী উপজেলায় ৩ লাখ ২৫ হাজার চারা বিতরণ করা হবে। মীর হেলাল গতকাল মঙ্গলবার হাটহাজারীতে সরকার ঘোষিত ৫ বছরে সারা দেশে ২৫ কোটি চারা রোপনের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে চারা বিতরণ,চারা রোপণ, হালদা নদীর নিবন্ধিত জেলেদের মধ্যে সেলাই মেসিন বিতরন, কৃষি বিভাগের আমন প্রণোদনা বিতরণ ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে হালদা নদীর নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ৫০ জন জেলেকে উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে ১৯শ জন কৃষকের মধ্যে আমন প্রনোদনার অংশ হিসাবে ৫ কেজি উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এম ও পি সার বিতরন, ফলদ বনজ গাছ ও সবজি বীজ বিতরণ করা হয়। সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে দুই জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ ১ লক্ষ ও বন বিভাগের পক্ষ থেকে ১ লক্ষ ৬২ হাজার চার বিতরণ করার কর্মসূচি গ্রহন করা হয়েছে। উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান সেবামূলক সংগঠনের মধ্যে চারা বিতরণ করা হয়েছে। এই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন,মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, মোজাহিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রথমে উপজেলা পরিষদ চত্বরে চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুকে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে হেলথ কার্ড চালু করেছি : মেয়র