বাঁশখালী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা গতকাল সোমবার উপজেলা অফিসার্স ক্লাবে হলরুমে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথি সমপ্রতি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম তুলে ধরে বলেন, সবকাজে দলীয়করণ নয়,স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দিতে হবে। আমরা বাঁশখালীতে স্বচ্ছ নিয়োগের প্রত্যাশা করেছিলাম কিন্তু পাইনি। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের দলীয়করণ নয়, যোগ্যতা, মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। সরকার নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। সিসি ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি যে কোনো প্রজেষ্ট গ্রহণ ও নিয়োগে অনিয়ম না করার আহ্বান জানিয়ে বলেন, কিন্তু দুঃখজনকভাবে, কোনো কোনো পরীক্ষায় আমরা আবারও নকলের প্রবণতায় ফিরে যাচ্ছি। বরাদ্দ ও নিয়োগ নিয়ে কোনো ধরনের দলীয়করণ আর সহ্য করবো না, এটি আর বাঁশখালীতে চলবে না।
তিনি বলেন, বিএনপি মিছিল করলে কি জামায়াত শিবির নিষিদ্ধ হয়ে যাবে? আওয়ামী লীগের মত সংগঠন যেটা পারেনি, তারা এই কাজ করতে গিয়ে নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। এই কাজ বিএনপি কিভাবে করবে? সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তা এবং ১৪টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










