শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সের টাকা চুরি

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের গ্রিল কেটে দানবাক্সের টাকা চুরি হয়েছে। গত শনিবার দিনগত রাতে চুরির এ ঘটনা ঘটে। বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ আলামত সংগ্রহ করেছে। বুড়া মসজিদের মতোয়াল্লী মো. নূরন্নবী চৌধুরী জানান, শনিবার রাতে চোরের দল মসজিদের গ্রিল কেটে ভেতরে ঢুকে। মসজিদের প্রবেশ দ্বারে রাখা দানবাক্সের তালা খুলে দানের টাকা নিয়ে যায়। ফজরের আজান দিতে গেলে মুয়াজ্জিন মোহাম্মদ ইয়াকুব বিষয়টি প্রথম জানতে পারেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, মসজিদে সিসিটিভি ক্যামেরায় চোরের উপস্থিতি রেকর্ড হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ২টা ৪৫ মিনিটের সময় মসজিদের ভেতরে মাংকি টুপি পরা একজন ঘোরাফেরা করছেন। ওই ব্যক্তিকে একটি কাপড়ের থলেতে দানের টাকা ভরতেও দেখা যায়।
উল্লেখ্য, মসজিদটির দানবাক্সে প্রতিদিন মানত হিসেবে প্রচুর টাকা দান করে দূরের অনেক মানুষ। ঘটনাস্থল পরিদর্শন শেষে বোয়ালখালী থানার ওসি মোঃ আবদুল করিম জানান, মসজিদের টাকা চুরির ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়া ১১ ডিসেম্বর থেকে
পরবর্তী নিবন্ধপুলিশ হেফাজত থেকে পালিয়েছে মাদকের আসামি রোহিঙ্গা