চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়া ১১ ডিসেম্বর থেকে

চবি শিক্ষার্থীদের জন্য সিদ্ধান্ত হয়নি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীতে শিক্ষার্থীদের জন্য আগামী শনিবার (১১ ডিসেম্বর) থেকে হাফ ভাড়া কার্যকর হতে যাচ্ছে। গতকাল রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। তবে ‘হাফ ভাড়া সুবিধা’ পাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু শর্ত জুড়ে দেন।
খন্দকার এনায়েত উল্লাহ বলেন, হাফ ভাড়া কার্যকরের সময় সকাল ৭টা থেকে রাত ৮টা। এজন্য শিক্ষার্থীর ইউনিফর্ম ও ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমী ছুটিতে হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু চট্টগ্রাম শহরে কার্যকর হবে, বাইরে হবে না। যেখানে সিটি সার্ভিস চালু আছে সেখানেও এ সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি বলেন, হাফ ভাড়া নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। আমরা ছাত্রদের দাবির প্রতি সম্মান জানিয়ে হাফ ভাড়া কার্যকর করেছি। সুতরাং তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে বলে আশা করছি। তিনি আরও বলেন, আমরা গত ৩০ নভেম্বর ঢাকা শহরে হাফ ভাড়া কার্যকর করেছি। বিষয়টি দেখভালের জন্য আমাদের পক্ষ থেকে ১০টি মনিটরিং টিম গঠন করে দিয়েছি। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম শহরেও হাফ ভাড়া কার্যকর হবে শনিবার থেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি কফিল উদ্দিন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, ঢাকার যুগ্ম-সম্পাদক নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল, মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী, মো. শাহজাহান, মিজানুর রহমান, আহসান উল্লাহ চৌধুরী হাসান, শহিদুল ইসলাম সুমু, অলি আহমেদ, নুরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপরিবহন মালিকদের হাফ ভাড়া প্রত্যাখ্যান
পরবর্তী নিবন্ধশ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সের টাকা চুরি