শর্ত সাপেক্ষে পরিবহন মালিক সমিতির হাফ ভাড়া কার্যকরের ঘোষণা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। গতকাল রোববার (৫ ডিসেম্বর) সকালে নগরীর ওয়্যারলেস মোড়ে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানান।
আন্দোলনরত শিক্ষার্থী অবিধা ফাইরুজ আজাদীকে বলেন, আমরা কারো দয়া চাইনি। ন্যায্য অধিকার বুঝে নিতে আন্দোলন করছি। মালিক সমিতির কাছে হাফ ভাড়ার দাবি জানাইনি, শহর এলাকাতে শর্ত সাপেক্ষে হাফ ভাড়া চাইনি। সারা দেশে প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবি জানিয়েছি সরকারের কাছে। আমরা মালিক সমিতির এ ঘোষণা প্রত্যাখ্যান করছি।
আন্দোলনকর্মী সাইফুর রুদ্র বলেন, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী সাতরাজ হত্যায় জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তারপূর্বক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে হাফ পাস ও নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে ছাত্রদের ৯ দফা দাবি সরকারকে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে মেনে নিতে হবে।
পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মানিকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন রনি, আবিদ, আদনান, সজীব, অবিধা ফাইরুজ, পুষ্পিতা নাথ, ফারহান দাউদ, সাইফুর রুদ্র প্রমুখ।













