শিশুদের সৃজনশীলতা ও চিন্তাশক্তির বিকাশে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষক বিভিন্ন ভাবে শিশুদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করতে পারেন। তাই একটা শ্রেণিকক্ষে শিক্ষককে খেয়াল রাখতে হবে শিশুরা কোন বিষয়ে বেশি আগ্রহ প্রকাশ করছে এবং কি কি বিষয়ে পারদর্শী। সেই অনুসারে তাকে উৎসাহ প্রদান করতে হবে। স্কুলের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতয় অংশগ্রহণের জন্য উৎসাহিত করতে হবে। তাছাড়া একজন শিক্ষককে শিক্ষার্থীদের মধ্যে শিশুসুলভ আচরণ ও বন্ধুভাবাপন্ন মনোভাব নিয়ে পাঠদান করতে হবে, যাতে শিশুরা ভয় না পেয়ে স্বাধীনভাবে চিন্তা করতে পারে। তাদের মুখস্থ বিদ্যায় নিরুৎসাহিত করতে হবে। শুধু মুখস্থ করানোর ওপর জোর না দিয়ে শিক্ষার্থীদের কল্পনাশক্তি ও সৃজনশীলতা ব্যবহার করতে হয় এমন কাজ বা অ্যাসাইনমেন্ট দিতে হবে। তাছাড়া শিশুদের সব কিছু তৈরি করে বা শিখিয়ে না দিয়ে তাদের নিজেদের মতো করে সমস্যা সমাধানের সময় ও সুযোগ দিতে হবে। তাদের সৃজনশীল কাজের প্রশংসা করে নতুন কিছু ভাবতে আগ্রহ সৃষ্টি করতে হবে। তাহলে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বেড়ে যাবে এবং প্রতিযোগিতার সৃষ্টি হবে। সবসময় ওরা চাইবে কার চেয়ে কে ভালো করতে পারে। তাদের মধ্যে একজনের প্রতি আরেকজনের সহযোগিতা, সহমর্মিতা প্রকাশ করা শিক্ষককে শেখাতে হবে।













