শিক্ষা হোক সমন্বিত, চিন্তা হোক উদার

আবদুর রশিদ | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

দেশের ও দশের জন্য সার্বিক চিন্তা করা প্রত্যেক নাগরিকের উচিত। প্রতিটি বৈচিত্র্য মিলেই হয় পূর্ণতা। শিক্ষা ক্ষেত্রে শিক্ষিতদের মাঝে রয়েছে যেমন বৈচিত্র্য, তেমনি চিন্তাধারায়ও হতে হবে বৈচিত্র্যের মধ্য দিয়ে পূর্ণতা। জেনারেল ও ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় হলো পূর্ণতা। দুটোই মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ।

আমরা নিজেদের স্ত্রীকে পর্দায় রেখে চিকিৎসা নিতে চাই, কিন্তু মেয়েকে ডাক্তার করার জন্য চিকিৎসাবিজ্ঞানের ওপর বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে পড়ানো সৌজন্য মনে করি না। অপরদিকে, সন্তান জন্ম নিলে, জানাযার নামাজে এবং ধর্মীয় অনুষ্ঠানে আমরা ধর্মীয় পণ্ডিত খুঁজি এবং নৈতিকতা ও সৎ সন্তানের চিন্তা করি, কিন্তু সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া সৌজন্য মনে করি না। এখানে দুটোই অযৌক্তিক।

ধর্মীয় শিক্ষা হলো সবকিছুর সমন্বয়ে পরিপূর্ণ। ধর্মীয় শিক্ষা ছাড়া নৈতিকতা অর্জন যেমন সম্ভব নয়, তেমনি প্রযুক্তির জ্ঞান, চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান ও অর্থনীতির পড়াশোনা না থাকলেও ব্যক্তি জীবন, পরিবার, সমাজ ও দেশ পরিচালনাও সম্ভব নয়। স্রষ্টা ধর্মীয় শিক্ষার মাঝেই উপরোক্ত জ্ঞানের আলোচনা তুলে ধরেছেন, যা মানবজাতিকে সুশৃঙ্খল জীবনযাপনে সহজ করেছে। নীতিহীন মানুষ অপরাধের জন্ম দেয় এবং দেশকে সহজেই ধ্বংসের দিকে নিয়ে যায়। ধর্মীয় শিক্ষার মাঝেই জেনারেল জ্ঞানও অর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সুতরাং, ধর্মীয় জ্ঞান অর্জনে জেনারেল সেকশনের জ্ঞান উপেক্ষা করা যেমনটি অনুচিত, তেমনি জেনারেল জ্ঞান অর্জনে ধর্মীয় শিক্ষা উপেক্ষা করাও সমীচীন নয়। সবকিছুর সমন্বয়ে ব্যক্তি জীবন, সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে যথাযথ প্রয়োগই এনে দিতে পারে কাঙ্ক্ষিত সুন্দর সাফল্য।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার রেলপথে নিরাপত্তা নিশ্চিত হোক