মনুষ্যত্বের বন্দনা করতে আমাদের বিবেকে বাঁধে, কিন্তু অর্থবৈভবের বন্দনা করতে আমাদের বিবেকে বাঁধে না মোটেই। বিবেক বাঁধে না সেসব মানুষের পদধূলি মাথায় মাখাতে। আমাদের বিবেক, বিবেচনা, জ্ঞান–বুদ্ধিকে আমরা জিম্মি করে, বাক্সবন্দি করে রেখেছি অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি ও বৈভবের কাছে। বিবেক, আবেগ, অনুভূতি, মনুষ্যত্ববোধ, মানবতা, নৈতিকতা, ধর্মীয় বিশ্বাস আর মনস্তাত্ত্বিকতা ক্রমশ ভোঁতা আর নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। হয়ে পড়ছে অকার্যকর। সবাই ছুটছে যেদিকে জোয়ার, সেদিকে। আমরা সবাই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছি। সততা, সুনীতি, সুশাসন, সুবচন, বিনয়, নম্রতা ও ভদ্রতাকে আমরা কারাগারে বন্দি করে রেখেছি। দুর্নীতি, দুঃশাসন, দয়া–মায়াহীন অভদ্রতাকে সচেতন বা অসচেতনভাবে আমরা আঁকড়ে ধরে চলি। সমাজের মানবিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজ আজ নষ্ট, ভ্রষ্ট, পচা দুর্বৃত্তদের দখলে।
জীবনসায়াহ্নে এসে মনে হয়, আমরা জীবনের শ্রেষ্ঠ সোনালি–বর্ণালি, আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বের বন্ধনের যে সময়টা ফেলে এসেছি, সেটাই আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়, যা ছিল দয়া–মায়া ও আন্তরিকতায় পরিপূর্ণ। আমাদের সবকিছু আছে, কিন্তু সেই সময়টুকু নেই, যা ছিল আন্তরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্বের বন্ধনের সুন্দর পারিবারিক পরিবেশ। আমরা একে অপরের অতি নিকটে, সন্নিকটে থেকেও হাজার মাইলের দূরে যেন অবস্থান করছি। নিজে নিজে হাসি, কাঁদি, চিৎকার–চেঁচামেচি, উল্লাস করি, কিন্তু আমার পাশের আপনজন, প্রিয়জন কিছুই জানে না। টেরও পাই না আমরা।
স্মার্টফোনকে যতটা আপন আর প্রিয় ভাবি, ঠিক উল্টো ভাবি আমার পরিবার, আত্মীয়স্বজনকে। আমরা একই পরিবারে বাস করি, কিন্তু পারিবারিক জীবন উদ্যাপন করি না। করি না অংশগ্রহণ। প্রকৃত অর্থে আমরা মন্দ মানুষ, মন্দ সময়ের ফ্রেমে নিজেদের আবদ্ধ করে ফেলেছি। আচ্ছা, মরে যাওয়ার পরে আশপাশে কাঁধে তুলে কবরে নিয়ে যাওয়ার মানুষ থাকবে তো?












