সীতাকুণ্ড পৌরসদরের একটি উচ্চবিদ্যালয়ের ছয়টি কক্ষের দরজা ভেঙে ১৯টি সিলিং ফ্যান ও তিন কয়েল বৈদ্যুতিক তার চুরির অভিযোগ উঠেছে। গত ৫ নভেম্বর বিকেল থেকে ৯ নভেম্বর সকালের মধ্যে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, তিন দিন বন্ধ থাকার পর গত ৯ নভেম্বর সকাল আটটার দিকে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা বিদ্যালয়ে এসে ছয়টি কক্ষের দরজা ভাঙা দেখতে পান। পরে কক্ষগুলো থেকে ১৯টি সিলিং ফ্যান ও তিন কয়েল বৈদ্যুতিক তার চুরির বিষয়টি জানতে পারেন তারা। প্রধান শিক্ষক মো. আবদুল আলীম বলেন, বিদ্যালয়ের প্রতিনিধি কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় গতকাল বুধবার সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ দিয়েছেন তিনি। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।










