রাঙ্গুনিয়া উপজেলার প্রবীণ আলেমে দ্বীন, দক্ষিণ রাজানগর খণ্ডলিয়াপাড়া রুকুনুল ইসলাম মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক হযরত মাওলানা শাহ সুলতান আহমদের স্মরণে শোক সভা শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। স্মরণসভায় তিনি মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন ও অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান। বক্তব্যের শুরুতে এমপি হুমাম কাদের চৌধুরী উপস্থিত মুরুব্বী, আলেম সমাজ ও এলাকাবাসীর প্রতি সালাম ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে মরহুম মাওলানা শাহ সুলতান আহমদ তাকে অভিভাবক হিসেবে বুকে টেনে নিয়েছিলেন, সাহস ও ভরসা জুগিয়েছিলেন। সংসদ সদস্য বলেন, দাদার (মাওলানা শাহ সুলতান আহমদ) রেখে যাওয়া চিঠি ও বিভিন্ন মাদরাসার উন্নয়ন কাজের মাধ্যমে বোঝা যায়, এই মাদরাসার এবং এলাকার বহু কাজ এখনও বাকি রয়েছে। তবে এই দায়িত্ব একা পালন করা সম্ভব নয়; এলাকার মুরুব্বী, আলেম সমাজ ও সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে এই অসমাপ্ত কাজগুলো ইমানদারির সাথে সম্পন্ন করা হবে। এসময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “অনেক সময় অসৎ উদ্দেশ্যে কিছু লোক ভালো মানুষের মুখোশ পরে দলের নাম ভাঙিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। তাই যেকোনো ভালো কাজ বা জনকল্যাণে এলাকার মুরুব্বী ও সঠিক নেতৃত্বকে সাথে নিয়ে যাচাই–বাছাই করে এগোতে হবে।” মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ নোমানের পরিচালনায় বিএনপি নেতা মাহবুব আলম চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা শফিকুল ইসলাম ও বিএনপিনেতা নুরুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী, উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী, উত্তরজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন, আবু ছৈয়দ মেম্বার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মরহুম মাওলানা শাহ সুলতান আহমদের কবর জেয়ারত করেন তিনি। এসময় তাঁর রুহের মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের সদস্যদের সবর করার তৌফিক চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।








