খুঁজে ফিরি শৈশবের নবান্ন

পূর্বা চৌধুরী | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

শরৎ রানীর পরেই প্রকৃতিতে আগমন ঘটে হেমন্তের। কার্তিক ও অগ্রহায়ন এই দুই মাস মিলে হয় হেমন্ত কাল। কৃত্তিকা ও আর্দ্রা এ দুটি তারার নাম অনুসারে নাম হয়েছে কার্তিক ও অগ্রহায়ণ মাসের। অগ্র ও হায়ন এ দু অংশের অর্থ যথাক্রমে ‘ধান ও কাটার মওসুম’। হেমন্তের সৌন্দর্য তার সোনালী প্রকৃতি। কনকনে হিমবাতাস, সোনালী পাকা ধানের প্রান্তর, দেখে আন্দোলিত হয় মন। হেমন্ত মানেই শিশিরস্নাত প্রহর। শরতের কাশফুল মাটিতে নুইয়ে পড়ার পরপরই হেমন্তের আগমন ঘটে। এর পর আসে শীত। তাই হেমন্তকে বলা হয় শীতের পূর্বাভাস। হেমন্তে সকাল বেলা আবছা কুয়াশায় ঢাকা থাকে চারদিকের মাঠঘাট। সকালে ধান গাছের ডগায় শিশির জমে থাকে আর তাতে প্রথম রোদের কিরনে গাছের পাতাগুলো যেন খিলখিল করে হেসে ওঠে। হেমন্ত মানে পাকা ধানের সোনালি রোদ্দুর। আর মেঘমুক্ত নীল আকাশ। নীলের বাটি যেন উপুড় হয়ে পড়ে আছে হেমন্তের আকাশে। মাঠে মাঠে বয় তৃপ্তির সুবাতাস। মৌ মৌ গন্ধে মেতে উঠত পাড়া। এ সময় ঘরে ঘরে নতুন ধান উঠার পরে শুরু হয়ে যায় নবান্নের প্রস্তুতি। এসময় নতুন ধানের নতুন চালে ফিরনি পায়েস, পিঠা পুলি ক্ষির তৈরি করে আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীর ঘরে ঘরে বিতরণ করা হত। এভাবে নবান্ন উৎসব তখন অত্যন্ত সাড়ম্বরে উদযাপন করা হত। মনে পড়ে ছোটবেলায় দাদুবাড়ি, মামাবাড়ি নবান্নের দিনগুলোর কথা।চোখের সামনে যেন এখনো দেখতে পাই শিশির ছুঁয়ে যাওয়া ধানের শীষে প্রজাপতির খেলা। আবার কখনো ভোরের সোনালি সূর্যের আলোয় গাছি ছুটে যাচ্ছেন খেজুরের রস সংগ্রহে। কুয়াশাভেজা সকালে মায়েরা আয়োজনে ব্যস্ত হয়ে পড়তেন নানা রকম খেজুরের রসের মজার পিঠা বানানোতে।সেসব এখন শুধুই স্মৃতিময়! এমনিভাবে হেমন্ত এখনো অনুভবের ঋতু। ম্লান, ধূসর, অস্পষ্ট। তাকে যেভাবে অনুভব করা যায় সেভাবে দেখা যায় না। তারপরও ঋতুর চাকায় চড়ে হেমন্ত আসে আমাদের চিরচেনা গ্রামবাংলায়। এখনো স্মৃতিতে কড়া নাড়ে হেমন্তের শৈশব!

পূর্ববর্তী নিবন্ধহেমন্তকে খোঁজা