রামুতে বিপুল শুটার গান ও গুলি জব্দ

ডাকাত সর্দারের দেহরক্ষী আটক

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৭ মার্চ, ২০২৪ at ৪:৪৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, গান পাউডার জব্দ করা হয়েছে। এসময় মনসুর আলম (২০) নামে আন্তঃজেলা ডাকাত সর্দার আবছারের এক দেহরক্ষীকে আটক করা হয়। আটক মনসুর নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকার আব্দুল খালেকের পুত্র। গত শুক্রবার রাত আড়াইটায় গর্জনিয়ার ঘোনার পাড়ায় এই অভিযান চালানো হয়। র‌্যাব১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন যাবত অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসা ও ভাড়া দেওয়ার কাজে যুক্ত আন্তঃজেলা ডাকাত সর্দার আবছার। রামুর গর্জনিয়া ইউনিয়নের ঘোনারপাড়ার মো. নুরুল আবছারের বসতঘরে কতিপয় দুষ্কৃতকারী বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ অবস্থান করছেএই তথ্যের ভিত্তিতে র‌্যাব ওই স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সর্দার আবছার পালিয়ে যেতে সক্ষম হলেও তার দেহরক্ষী মনসুর ধরা পড়ে। পরে তার দেহ তল্লাশি করে একটি এলজি এবং পলাতক ডাকাত আবছারের বসতঘর তল্লাশি করে ৬টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ২০০ গ্রাম গান পাউডার ও অস্ত্র বিক্রয়ের ২ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ আটক মনসুর আলম এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা
পরবর্তী নিবন্ধবাঁশখালীর চাম্বলে হাতির হামলায় নিহত ১