বাঁশখালীর চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল রইব্বার ঝিরি পাহাড়ি এলাকায় বন্যহাতির হামলায় আজগর হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার বিকালে হাতির আক্রমণে নিহত আজগর হোসেন (৬৫) পূর্ব চাম্বল খলিফা পাড়া এলাকার মৃত পুতন আলীর পুত্র। স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব চাম্বল গ্রামের আজগর হোসেন প্রতিদিনের মত রাতে জঙ্গল চাম্বল পাহাড়ি এলাকায় তার সবজি ক্ষেত পাহারা দিতে পাহাড়ের পাদদেশে যায়। পথিমধ্যে বন্যহাতির পালের সামনে পড়ে গেলে তাকে আক্রমণ করে হাতির পালটি। হাতির পালের পায়ে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ঘটনাস্থল হতে স্থানীয় ও পরিবারের সদস্যরা আজগর হোসেনের রক্তাক্ত দেহ উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চাম্বল বনবিট কর্মকর্তা ও জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, শনিবার বিকেলে স্থানীয় কৃষক আজগর হোসেন পাহাড়ের ঢালুতে সবজি ক্ষেতে কাজ করার সময় বন্যহাতির আক্রমণে স্বীকার হয়ে মৃত্যুবরণ করে বলে তিনি জানান।














