মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, মীরসরাইয়ে ৫ ডাকাত আটক

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৭ মার্চ, ২০২৪ at ৪:৪৮ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে মীরসরাই থানা পুলিশ। গতকাল শনিবার রাত ২টার সময় মীরসরাই উপজেলার বড়দারোগাহাট কমরআলী রাস্তার মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন নোয়াখালী কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার আবু সিদ্দিকের ছেলে মো. খোকন (২৮), একই এলাকার জামাল মিয়ার ছেলে মো. মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), সন্দ্বীপের মুছাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. সুমন মিয়া (৩৩), বরিশাল বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার মৃত আলতাফ আলীর ছেলে মো. রাসেল হোসেন (৩৩) ও কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতলী এলাকার মো. মোস্তফার ছেলে মনসুর আলম (৩৬)

মীরসরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি কিরিছ, ২টি কাটার মেশিন, ২টি ছোরাসহ গাড়িতে হামলা করার জন্য লাঠিসোটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ির যাত্রীদের জিম্মি করে ডাকাতি করে আসছিল। আটকের ঘটনায় থানায় মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর চাম্বলে হাতির হামলায় নিহত ১
পরবর্তী নিবন্ধকক্সবাজারে তরমুজের দাম বাড়তি রাখায় চার বিক্রেতাকে জরিমানা