রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্টে দর্শকদের জন্য এবার নতুন চমক দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ই– মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে ঢাকায় আসতে পারেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। খবর বাংলানিউজের।
গত শুক্রবার রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান নাঈম আশরাফ। তার ঘোষণা অনুযায়ী, রাজধানীর আর্মি স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে ই–মেকার্স বাংলাদেশ। বিশ্বসংগীতে শাকিরা পরিচিত নাম। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ এখনো বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে সমান পরিচিত। ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি দেশের সংগীতাঙ্গনে বড় আন্তর্জাতিক আয়োজনগুলোর একটি হতে পারে। তবে এখনো তার বাংলাদেশ সফর কিংবা কনসার্টে অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। আয়োজকদের পক্ষ থেকে কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, টিকিট বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য আনুষ্ঠানিক তথ্যও প্রকাশ করা হয়নি। ফলে আপাতত শাকিরাকে ঢাকায় আনার বিষয়টি আয়োজকের পরিকল্পনা হিসেবেই রয়েছে।












