রাজনীতি হোক সেবার মাধ্যম : সাঈদ আল নোমান

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, একজন জনপ্রতিনিধির মূল সার্থকতা নিহিত থাকে সাধারণ মানুষের সুখেদু:খে তাদের পাশে দাঁড়ানোর মধ্যে। তীব্র রোদে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের একটু পানি বা ছায়ার ব্যবস্থা করা আমার দায়িত্বের বাইরে কিছু নয়, বরং এটি আমার নাগরিক ও মানবিক কর্তব্য। আমি বিশ্বাস করি, মানুষের সেবার মাধ্যমে যে তৃপ্তি পাওয়া যায়, তা অন্য কোনো কিছুতেই সম্ভব নয়। আমাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র সেবামূলক প্রচেষ্টাই একদিন একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে সাহায্য করবে।

তিনি গতকাল নগরের বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘুরে ঘুরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে পানি ও নাস্তা বিতরণকালে এসব কথা বলেন। জানা গেছে, গতকাল নগরের অঙ্কুর সোসাইটি উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিএমপি স্কুল ও গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রগুলোতে যান সাঈদ আল নোমান। এসময় তিনি প্রতিকূল আবহাওয়ায় কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা অভিভাবকদের হাতে নাস্তা ও বিশুদ্ধ পানির বোতল তুলে দেওয়ার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে সন্তানের পড়াশোনা নিয়ে কথা বলেন। আয়োজনের একজন টীম মেম্বার জানান, চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের উদ্যোগে নগরের বড় ১০টি পরীক্ষা কেন্দ্রে এই আয়োজন করা হয়েছে। স্কুলগুলোর সামনে পর্যাপ্ত চেয়ার, টেবিল, ত্রিপলসহ প্যান্ডেল স্থাপন করা হয়েছে। যাতে প্রত্যেকে আরামে বসতে পারেন। এগুলো হলো, অঙ্কুর সোসাইটি উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিএমপি স্কুল ও গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, টাইগার বহুমুখী উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এণ্ড কলেজ, প্রাণহরী উচ্চ বিদ্যালয়। এদিকে সাঈদ আল নোমানের এমন ব্যতিক্রমী উদ্যোগের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। অনেকেই বলছেন, বাংলাদেশে এটিই সংসদ সদস্যের উদ্যোগে প্রথম কোনো কর্মসূচি যেখানে এমপি নিজে ঘুরে ঘুরে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমান মাবাবাদের খোঁজ নিয়েছেন। অঙ্কুর স্কুলে আসা অভিভাবক আমেনা জানান, আমি কোনদিন দেখিনি একজন এমপিকে কেন্দ্রে এসে অভিভাবকদের খোঁজখবর নিতে। চট্টগ্রামে এই মুহূর্তে অনেক স্থানে পানি ওঠেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অথচ তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন ভিন্নভাবে। এটি নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে। সিএমপি স্কুলের আরেক অভিভাবক মো. রোকনুজ্জামান জানান, ভেতরে সন্তান পরীক্ষা দিচ্ছে, তিন ঘন্টা বাইরে অপেক্ষা করতে হয়। রোদবৃষ্টিতে আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছে অতিতে। কিন্তু এমপি সাঈদ আল নোমান সেই অপেক্ষায় এনে দিয়েছেন স্বস্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনিন্দ্যনগরের পরিকল্পনা নিয়ে সিডিএ ও সিপিডিএলের যৌথ আলোচনা
পরবর্তী নিবন্ধচবিতে ওবিই কারিকুলামে পাঠদান শুরু