রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৭টি সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবল সাহাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সুবল সাহা উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মজুমদারখীল এলাকার মৃত গৌরপদ সাহার ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, সুবল সাহার বিরুদ্ধে চারটি সিআর সাজা পরোয়ানা ও ১৩টি সিআর মামলার পরোয়ানাসহ মোট ১৭টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া গত ২২ জানুয়ারি রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ পলাতক আসামি হিসেবেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি পেনাল কোডের ৩০৪/৩৪ ধারায় দায়ের করা হয়েছিল।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জহির উদ্দিন বলেন, সুবল সাহা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।














