যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলীয় মাসকাটিন শহরে এক বন্দুকধারী একের পর এক গুলি করে পরিবারের ছয় সদস্যকে হত্যা করার পর পুলিশের সামনে নিজেও আত্মহত্যা করেছে। ইলিনয় অঙ্গরাজ্যের পাশ দিয়ে বয়ে যাওয়া মিসিসিপি নদীর অপর তীরে অবস্থিত মাসকাটিনে সোমবার ঘটনাটি ঘটেছে, জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজের।
মাসকাটিন পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে যে এই নৃশংস হত্যাকাণ্ডটি মূলত পারিবারিক বিরোধের জেরে ঘটেছে।
রয়টার্স লিখেছে, তবে ঠিক কী নিয়ে এই ঘটনার সূত্রপাত হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি পুলিশ। স্থানীয় সময় দুপুর ১২টার পরপরই গোলাগুলির খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর তারা একটি বাড়ির ভেতর থেকে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।












