মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দায়ের করা একটি দেওয়ানি জালিয়াতি মামলার নিষ্পত্তিতে ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি যৌথভাবে এক কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিতে রাজি হয়েছেন। খবর বিডিনিউজের।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গৌতম ও সাগরের বিরুদ্ধে নবায়নযোগ্য এক জ্বালানি প্রকল্পের জন্য ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়া এবং বন্ড ইস্যুর মাধ্যমে তহবিল গঠনের চেষ্টাকালে ঘুষবিরোধী চর্চা নিয়ে মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ এনেছিল।
অভিযোগ নিষ্পত্তিতে দুই পক্ষের মধ্যে সমঝোতার যে খবর এসেছে তা মার্কিন আদালতে অনুমোদিত হতে হবে, তবে এ খবরকে দুই দেশের শেয়ার বাজারই ইতিবাচকভাবে নিয়েছে, শুক্রবার আদানি গ্রুপের শেয়ারের দামও বেড়েছে বলে জানিয়েছে বিবিসি।
ভারতের অন্যতম বড় ব্যবসায়িক গ্রুপ আদানির জ্বালানি থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত অসংখ্য খাতে বিনিয়োগ আছে।












