নগরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বাটালী রোডের এনায়েত বাজার থেকে বিআরটিসি মোড় পর্যন্ত অংশটি দীর্ঘ এক বছর ধরে বন্ধ রয়েছে। ওয়াসার সংস্কার কাজের জন্য সড়কটি এভাবে ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যবসা–বাণিজ্যে ধস, যাতায়াতে তীব্র ভোগান্তি এবং জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তিতে বাধার অভিযোগ তুলে দ্রুত সড়কটি চালু এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে গতকাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়াসার এই মেগা প্রকল্পের কাজ শুরুর আগে স্থানীয় বাসিন্দা বা ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের কার্যকর আলোচনা করা হয়নি। কোনো পূর্বপ্রস্তুতি বা বিকল্প ব্যবস্থার কথা না ভেবেই হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রতিদিনের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। প্রায় এক বছর ধরে সড়কটিতে যান চলাচল ও সাধারণ মানুষের আনাগোনা বন্ধ থাকায় দোকানপাট ও ব্যবসা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। অনেক ব্যবসায়ী আয়–রোজগার সম্পূর্ণ হারিয়ে বর্তমানে পরিবার–পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা অবিলম্বে এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চিহ্নিত করে উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান। জরুরি স্বাস্থ্যসেবা ও শিক্ষার সংকট স্থানীয় বাসিন্দারা জানান এলাকায় কেউ হঠাৎ গুরুতর অসুস্থ হলে এই সড়ক দিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার মতো কোনো বিকল্প পথ নেই। ফলে মুমূর্ষু রোগীদের নিয়ে চরম ঝুঁকিতে পড়তে হচ্ছে স্বজনদের। এছাড়া এলাকার স্কুল–কলেজপড়ুয়া শিক্ষার্থীদের প্রতিদিন দীর্ঘ পথ ঘুরে ও বাড়তি ভাড়া দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে, যা তাদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে। মানববন্ধন থেকে এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলেন, দ্রুততম সময়ের মধ্যে ওয়াসার সংস্কার কাজ শেষ করে সড়কটি সব ধরনের যান চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে। প্রতিবাদী মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী জনগণের পক্ষে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো. সেলিম, মো. মঞ্জুর আলম, মো. শহিদ, মো. আব্দুল মান্নান, মো. আলী হায়দার, মো. তারেক, মীর সাইফুল, সুমন দাস এবং মো. সোহেল।










