মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে মারা গেছেন বাঁশখালীর প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন। গত শুক্রবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরার সময় এ ঘটনা ঘটে। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার মোজাম্বিকের মাপুতো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হন জসিম উদ্দিন। কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছানোর প্রায় দুই ঘণ্টা আগে মাঝ আকাশে তার মৃত্যু হয় বলে সূত্রটি জানিয়েছে।
জসিম উদ্দিন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাসিন্দা। তিনি মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশের মুলোমবো কুরুমানায় ব্যবসা করতেন। গত বছর দেশে থাকাকালে হৃদরোগে আক্রান্ত হলে তার হার্টে রিং পরানো হয়। পরে সুস্থ হয়ে চলতি বছরের এপ্রিলে আবার মোজাম্বিকে ফিরে যান তিনি।
প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।











