ডেঙ্গুতে মো. ইয়াসিন আরাফাত নামে সীতাকুণ্ডের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আরাফাত সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গামারীতলা গ্রামের বাসিন্দা ডা. আলিমুল্লাহ বাড়ির আবদুর রহমান রুবেলের ছেলে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশুর চাচা মাওলানা মোহাম্মদ শাহাবউদ্দিন বলেন, আমার ভাতিজা আরাফাত গত বৃহস্পতিবার থেকে জ্বরে আক্রান্ত হয়। পরীক্ষা করার পর রিপোর্ট আসে ডেঙ্গু পজেটিভ। তাকে প্রথমে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ওখানকার ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।












