মেসির জন্য কেপ ভার্দের উপহার

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:১৭ পূর্বাহ্ণ

বিশ্বকাপ অভিষেকে চমক দেখানো কেপ ভার্দের জন্য শেষ বত্রিশের লড়াই কেবল একটি ফুটবল ম্যাচ নয়, আরও বড় কিছু। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মহাতারকা লিওনেল মেসির বিপক্ষে খেলা যেন তাদের জন্য এক উৎসবের উপলক্ষ। মাঠের ফুটবলে সেটি রাঙিয়ে রাখতে চায় তারা, সঙ্গে ফুটবল মহানায়ককে দিতে চায় স্মারক উপহার। বাংলাদেশ সময় শনিবার ভোর চারটায় মায়ামিতে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হয়ে নকআউট পর্বে এসেছে আফ্রিকার দেশটি। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের গ্রুপে কোনো ম্যাচ হারেনি তারা। তিন ম্যাচে গোল হজম করেছে কেবল দুটি। কেপ ভার্দে প্রসিডেন্ট জুজে মারিয়া পেরেইরা নেভ্‌স সাংবাদিকদের বলেছেন, কেন আর্জেন্টিনা অধিনায়ককে উপহার দিতে চান তারা। ‘লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলকে স্বাগত জানানো হবে দারুণ সম্মানের। আমরা তার জন্য একটি উপহার রেখেছি। সেটা হলো কেপ ভার্দে জাতীয় দলের একটি জার্সি, যেটার পেছনে ১০ নম্বর ও মেসির নাম লেখা থাকবে।’ মেসিকে ফুটবল ইতিহাসের সেরাদের একজন হিসেবে দেখেন নেভ্‌স। তবে মাঠে যে আর্জেন্টিনা কোনো ছাড় পাবে না সেটাও স্পষ্ট করলেন তিনি। ‘আমরা আর্জেন্টিনা ও মেসির মুখোমুখি হব ম্যাচ জয়ের ও পরের রাউন্ডের ওঠার একইরকম সংকল্প নিয়ে, একই রকম ইচ্ছা ও আকাঙ্ক্ষা নিয়ে। আমি বিশ্বাস করি, আর্জেন্টিনাকে ১০ গোলে হারাতে পারে কেপ ভার্দে। আমরা এই বিশ্বকাপে এসেছিলাম নিজেদের ভাগ্য নিজেরা লেখার জন্য, সেটা হলো চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া।’

পূর্ববর্তী নিবন্ধএস এ ফ্যামেলি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধপেলেকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন