মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে নিহত ৩

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:২২ পূর্বাহ্ণ

মেক্সিকো সিটির রাস্তায় যেন নেমে এসেছিল উৎসবের ঢল। বিশ্বকাপ নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ২০ ব্যবধানে ঐতিহাসিক জয়ের পর শহরজুড়ে জয়োৎসবে যোগ দেন লাখো মানুষ। কিন্তু সেই আনন্দের মাঝেই নেমে আসে শোকের ছায়া। মানুষের অতিরিক্ত ভিড়ের চাপে শ্বাসরোধ হয়ে প্রাণ হারিয়েছেন মেক্সিকোর তিন সমর্থক। মঙ্গলবারের সেই উদযাপনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ। বুধবার মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, অতিরিক্ত জনসমাগমে তৈরি চাপ ও শ্বাসরোধের কারণেই তাদের মৃত্যু হয়েছে। মেক্সিকো সিটি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শহরের কেন্দ্রস্থল অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভসহ আশপাশের এলাকায় ১০ লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন। দীর্ঘ ৪০ বছর পর প্রথম বিশ্বকাপ নকআউট জয়ের আনন্দে শহর জুড়ে এত লোকের সমাগম হয়েছিল। শহরের মেয়র ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং আসন্ন দিনগুলোতে সহায়তার আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধসকার সিটি চট্টগ্রামের ফুটবল অনুশীলন কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি দলে মোসাদ্দেক-ইয়াসির