মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য যুগ্ম সচিব

| বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মহসীন গতকাল বুধবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের কার্যনির্বাহী কমিটি ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে সভায় যুগ্ম সচিব হাসপাতালের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। বিশেষ করে সেন্ট মার্টিন ২০ শয্যার হাসপাতালের পরিচালনা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেন্ট মার্টিন ২০ শয্যার হাসপাতালটি পরিচালনার দায়িত্ব নেওয়ায় সরকারের পক্ষ থেকে মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান যুগ্ম সচিব।

মো. মহসীন সভায় জানান, ইতিমধ্যে সরকারের দুজন যুগ্ম সচিব সেন্ট মার্টিন হাসপাতালটি পরিদর্শন করে সেখানকার স্বাস্থ্যসেবা ও পরিচালনায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি মা ও শিশু হাসপাতালকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন্নাহার দস্তগীর ও আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নুরুল হক, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফাইন্যান্স) মো. রফিকুল আলম প্রমুখ।

এর আগে যুগ্ম সচিব হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের দু-এক জায়গায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস