ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহ শুরু হবে এ বছর, যা ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নতুন কোচগুলো পাওয়া গেলে ঢাকা থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
গতকাল বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সংসদে এক প্রশ্নের জবাবে রেল মন্ত্রী বলেন, শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা তৈরি করা হবে। সেই ভাড়ার তালিকা গণপরিবহনের ভেতরে ডিজিটাল ডিসপ্লেতে দেখানোর ব্যবস্থা নেওয়া হবে। খবর বিডিনিউজের।
জামায়াতের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় জুন ২০২৬ থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। ক্যারেজগুলো পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণে উদ্যোগ গ্রহণ করবে।
সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে ১৫টি আন্তঃনগর ট্রেন চালু আছে। তার ভাষায়, ভারত থেকে কোচগুলো আসা শুরু হলে ঢাকা থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে যাত্রীদের আরামদায়ক ট্রেন ভ্রমণ নিশ্চিত করা এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বাড়াতে ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের জন্য প্রকল্প অনুমোদনের কাজও চলমান আছে বলে জানান তিনি।
বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩ হাজার ৪২৮ দশমিক ০৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মিটারগেজ ১ হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার, ব্রডগেজ ১ হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়েলগেজ ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার। তিনি বলেন, বিভিন্ন প্রকল্পের আওতায় বাস্তবতার নিরিখে ব্রডগেজ ও ডুয়েলগেজ নতুন রেললাইন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজও চলছে।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা তৈরি করা হবে। তিনি বলেন, সেই ভাড়ার তালিকা গণপরিবহনের ভেতরে ডিজিটাল ডিসপ্লেতে দেখানোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকারদলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে দেশের সড়ক ও মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।














