বরিশাল–ঢাকা মহাসড়কের মাদারীপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে মো. জুয়েল (৩৬) নামে এক চালক নিহত হয়েছেন। গত রোববার বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর গ্রামের মৃত নুর আবছারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ঢাকা থেকে যাত্রী নিয়ে সাকুরা পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। মাদারীপুর এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এতে চালকের আসনে থাকা জুয়েল ঘটনাস্থলেই মারা যান।
নিহতের বড় ভাই মো. রুবেল বলেন, মারা যাওয়ার এক ঘণ্টা আগেও জুয়েলের সঙ্গে আমার কথা হয়েছিল। এ বছর ঈদে ও বাড়িতে আসতে পারেনি। কথা দিয়েছিল এবার বাড়িতে এসে মা ও আমাদের সবাইকে নিয়ে রাঙামাটি বেড়াতে যাবে। গতকাল ওর সীতাকুণ্ডে আসার কথা ছিল। আমার ভাই এসেছে ঠিকই, কিন্ত লাশ হয়ে।














