১৯ এপ্রিল চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:১৭ পূর্বাহ্ণ

আগামী ১৯ এপ্রিল চট্টগ্রাম থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। এদিন বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং৭৭৭ উড়োজাহাজে ৪১৯ জন যাত্রী থাকবেন।

চলতি বছর চট্টগ্রাম থেকে মোট ১৬টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ১২টি চট্টগ্রাম থেকে জেদ্দা এবং ৪টি মদিনায় যাবে। সব ফ্লাইটই পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত বছর ১৭টি ফ্লাইট থাকলেও এবার একটি ফ্লাইট কমানো হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, হজ ফ্লাইটগুলো ঠিকঠাকভাবে পরিচালনা এবং হজযাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদানের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১৯ এপ্রিলের প্রথম ফ্লাইট পরিচালনায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাত্রীদের বোর্ডিং, ইমিগ্রেশন ও লাগেজ হ্যান্ডলিং নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। হজযাত্রীদের সুবিধায় বিমানবন্দরে আলাদা হেল্পডেস্ক, অতিরিক্ত জনবল, দ্রুত ইমিগ্রেশন এবং মেডিকেল সহায়তা রাখা হয়েছে। বয়স্কদের জন্য হুইলচেয়ার ও সহায়ক কর্মীও থাকবে। এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা থেকে ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়াল বিপিসি
পরবর্তী নিবন্ধপরিবেশ ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে