পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে

সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় অনুষ্ঠানে মেয়র

| মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:১৭ পূর্বাহ্ণ

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পুরাতন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করার এই ক্ষণে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ রক্ষায় আরও সচেতন হতে হবে। তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং আমরা যে দূষিত কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি তা শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। ঐতিহাসিক শিরীষ গাছটি প্রায় ১২৫ বছর ধরে মানুষের উপকার করে আসছে, যা আমাদের জন্য এক অমূল্য সম্পদ। তিনি গতকাল সোমবার সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

করোনাকালের অভিজ্ঞতা তুলে ধরে মেয়র বলেন, তখন মানুষকে অঙিজেনের জন্য বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে, অথচ মহান আল্লাহতায়ালা প্রকৃতির মাধ্যমে আমাদের প্রতিনিয়ত বিনামূল্যে অক্সিজেন দিচ্ছেন। তাই এই গাছপালা ও পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, একসময় সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় জনগণ তা প্রতিহত করতে দীর্ঘ ২৫০ দিন আন্দোলন চালায়। সেই আন্দোলনের মাধ্যমে এই ঐতিহ্যবাহী স্থান রক্ষা করা সম্ভব হয়েছে, যা চট্টগ্রামবাসীর পরিবেশ সচেতনতার উজ্জ্বল দৃষ্টান্ত।

মেয়র বলেন, যদিও এই জায়গাটি রেলওয়ের অধীন, তবে এটি রক্ষা করার দায়িত্ব চট্টগ্রামের প্রতিটি নাগরিকের। কারণ এই শহর সবার, এবং সবাইকে মিলেই এটিকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৯ এপ্রিল চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু
পরবর্তী নিবন্ধগামছা পার্টির ৬ সদস্যের যাবজ্জীবন